শ্রাবণের ঝর ঝরো কান্না
দূর দুরান্ত দেশে শ্রাবণের ঝর ঝরো কান্না এসে,
বলে গেল সে কথা, এসেছিল সে বাংলার নদীর তীরে।
ধীর পায়ে হেঁটে হেঁটে অথবা কোন নীলগিরির বুকে-
উপচে পড়া মেঘের কান্নায়,
নিয়ে এসেছিল কত ছন্দের উল্লাস, কত উপমার রূপকথা!
বাংলার প্রাণ জুড়ে,
বাংলার মন জুড়ে,
দিয়েছিল ছড়িয়ে কত কথার মঞ্জুরি।
ভাবনার কত ঘন মেঘে, কি উজ্জ্বল সূর্যের আলোতে,
বিরহের কান্না আর প্রেমের আকীর্ণ আবেগে
লিখেছিল যত কাব্য জীবনের
আর জীবন পেরিয়ে অসীমের- গীতিকথা।
শেষ কবিতায় লিখেছিলে বুঝি তাই,
‘সত্যেরে সে পায়
আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে।
কিছুতে পারে না তা’রে প্রবঞ্চিতে,
শেষ পুরস্কার নিয়ে যায় সে যে
আপন ভাণ্ডারে’।
তোমার ভাণ্ডারে রেখে গেছ যা আমাদের তরে-
পোড়াতে পারবেনা কেউ!
যতই আসুক অগ্নিময়ী বৈশাখের আগুন, কি ছলনার রোষ।
তোমার যাত্রা পথে আসবে শ্রাবণের ধারা,
ধুয়ে মুছে দিতে সব গ্লানি।
সোনার বাংলার আধারে,
উঠবে ভরে আবার ভাষা বর্ণের হীরক খনি।
Discover more from Shikor
Subscribe to get the latest posts sent to your email.






Leave a Reply