দিলারা হাফিজ


আমার প্রতিটি বসন্ত রাত অসমাপ্ত থেকে যায়…
পরবর্তী ভোর এসে থেমে যায় এ তল্লাটে,
হিরোশিমা ও নাগাশাকির কথা মনে পড়ে
শিশুদের সেই ভাঙাচোরা রক্তাক্ত মুখ ভেসে ওঠে
যুদ্ধের আঘাতে কোটর থেকে ঝুলে পড়েছিলো চোখ
একাশি বছর পরে পুনরায় আমি দেখছি তাদেরকে
তেহরানের স্কুলে…ক্রুজ মিসাইলে ছিন্ন হলো দেহপাখি
পোড়া শরীরের অভিশাপ লেখা রইলো পাঠ‍্যবইয়ে!
দুধসাদা পাথরের সেই আংটি হারানোর
কথা—মনে পড়তেই
আমি তাকে খুঁজতে থাকি শব্দের নিচে,
উপমায় ও অনুপ্রাসে—-কোথাও পাই না যে!
ব্যঞ্জনার বৈজয়ন্তী রসে খুঁজি তাকে কবিতা ভেবে…
নাহ্,কবিতা নয়, শ্লোক নয়,এ কেবল রক্তের দ্বৈরথ
ক্রৌঞ্চ নিধনের বেদনা লেখা বাল্মীকি রাত্রি-দিন!
পাতাঝরা তপোবনে মারণাস্ত্রের টিকটক খেলা
অবসাদ নেই তার, নেই এই গল্পের শেষ
পুনরায় ফিরে আসে নিষাদ—অসমাপ্ত সেসব অভ্যেস!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading