প্রত্যয়

শতবর্ষ ধরে গড়ে ওঠা নিয়ম নীতির বেড়াজাল;
মুহুর্তেই ভাঙতে চাও?
কেন ভাঙতে চাও?
নিয়ম-নীতি শতবর্ষে দানা বাঁধে; এগুলো ভাঙতে দ্বিধাহীন মন লাগে;
স্বাধীনতার জোর লাগে;
গলার শোর লাগে;

অন্যায় এর প্রকোষ্ঠে বাঁধা পরা মন,
নীতি শৃঙ্খলে আবদ্ধ মন, প্রশ্নের বেড়াজালে জর্জরিত মন;
সংসারের মায়াজালে আষ্টেপৃষ্টে বাঁধা পরা মন;
এগুলো কি ভাঙতে পারে?

এক নির্মম ভয়ের তাড়না থেকে জাগ্রত মন,
নিজেকেই আড়ালে রাখে;
সে মন কেবলই পর্দা খোঁজে;
যে পর্দা বিষাদের, গ্লানির;
নিয়মের গন্ডিতে বাঁধা বিদগ্ধ কটকটে হলদে রঙিন!
এ মন দিয়ে নতুনত্ব আসে না; ভিন্নতা আসে না;
পরিবর্তন আসে না;

সুন্দর মানসিকতায়, পরিবর্তনের চেতনায়
গড়ে ওঠে সুন্দর দেশ, তাঁর সুস্থ নাগরিক।
তাই যা পুরাতন তাকে পুড়িয়ে দাও, ছুড়ে ফেল;
যা জীর্ণ তাকে মুছে ফেল; ধ্বংস করাই হয়তো ভালো;
যা নতুনত্বের দাবী; তা পরিবর্তন আনে না;

নিজেকে ভেঙে চুরে গড়বার যে মন তাকেই জাগ্রত কর।
হতে পারে সে মন বড় কঠিন, কংক্রিটের ন্যায় শক্ত ও ধারালো;
সেখানে অনুভূতি বড় নৃশংস; সেখানে চিন্তারা হোঁচট খেয়ে কেবলই দিক পরিবর্তন করে, লক্ষ্যকে নয়;

সে মনের দৃঢ় প্রত্যয়;
অগণিত মানুষকে অনুপ্রাণিত করে;
নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending