করাত ঘর
Freedom is not free…

তাসের আড্ডা ভেঙে প্রত্যন্ত রাতে বাড়ি ফেরা 
নগদের চাল বাড়ন্ত
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে দরিদ্র মেটে ঘর
কোলের বাচ্চাটা চুষে চলে নিঃস্ব অমৃত
বোঁটায় লেগে থাকা মাতৃত্বের শেষ আঁচটুকু

এখানে কবিতা অনেকখানি দুর্গম সুড়ঙ্গে হাঁটে
বরফের চাঙড় সরিয়ে সরিয়ে দেখে নিতে হয় কোথায় আছে পথ
অথবা আদৌ তা আছে কিনা
নাকি শুধুই শুকনো কিছু ডালপালা ছড়িয়ে মাইলের পর মাইল
চলে গেছে রিক্ত বিধুর জনপদ

তুমি হয়ত ঠিক বুঝবে না
যন্ত্রণাও এখানে কতখানি শিথিল
বুড়ো হতে হতে বয়স গড়িয়ে যায়
তাকিয়ে তাকিয়ে কোরবানি দেখা কেবল
জন্মের কদর নেই, মৃত্যুরও
ছাপ নেই জীবনের,  মুছে ফেলারও নেই সম্ভাবনা

ক্রমশ ছোট হয়ে যায় শব
কুঁচকে যায় রক্তের স্বভাব
অন্ধ ক্রীতদাস
ঘন্টা বাজাতে থাকে দিনের আড়ালে










Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending