মেরুর ফারাক


রঙ মেখে রঙীন জীবন যদি হোতো,
পোস্তার ঠেলাওয়ালা, তালবান্ধার ইটখোলায়
ঘেমো পিঠে ইট বওয়া ইন্দর,ময়নাদের
বাড়ি থেকে ম ম কোরে মাংস ফোটার গন্ধ বেরোতো,

অথচ ওদের গায়ে রঙ থাকে হপ্তা দুয়েক,
পাশের আবাসনে পোর্টিকো ভর্তি
ওদের সন্তানদের বয়সী শর্বরী,শানুদের বাবা, কাকা
মা,আন্টিদের সাথে আনলিমিটেড চপচপে দোল
খেলা, সাথে উদ্দাম ব্যাকারনহীন ডিজে নৃত্য,

ইন্দর, ময়নাদের বাচ্ছাদের
দিন কাটে আবাসনের উল্লাসের শব্দে,
আর হয়তো বা কল্পনার গামলায় সাধ মেটে,
ইন্দরের বারো বছরের ছেলেটা,
রাস্তায় ছড়ানো ছিটানো রঙের উপর
গড়াগড়ি দেয় পরের সকালে,
আর ময়নার দশ বছরের মেয়ে ঝিমলি
গত বছর ত্রানে পাওয়া একটা রঙ মাখা
টেপ জামা পড়ে ভাঙা আয়নার সামনে দাড়িয়ে
নাচতে থাকে,ময়না ঘড়ে ঢুকে মেয়েকে
পিছন থেকে জড়িয়ে ধরে,
দুটো জোলো চোখ মেয়ের জামার মধ্যে লুকিয়ে রাখে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending