অনুভবের নদি
(আমার নৈবেদ্য গুরু কবির জন্মদিনে….)
আজন্মকাল এক উদ্ভিন্ন অনুরক্তির মুগ্ধতা,
আমার অস্তিত্বের মাঝে বিলীন হয়ে রচিতে চায়-
ছন্দে গাঁথা এক প্রেমের কবিতার অনুভব
শতাব্দী ধরে জেগে আছে কবি তোমার কবিতার মতো।
প্রেমপূর্ণ এ ভুবন তলে তাই ভাবি
তোমায় আমায় মিলন হবে ব’লে
যুগে যুগে বিশ্ব ভুবনতলে
পরান আমার বধূর বেশে চলে চিরস্বয়ম্বরা’।
হৃদয়ের গহিন বনে একান্ত নির্জনতায়
বয়ে চলে অনুভবের প্রচ্ছন্ন ক্ষীণকায়া নদি ধীর গতিতে,
যেন এক ধ্যান-মগ্ন গীতিকার!
রচে চলে আপন মনে, ভাবনার কলমে হাজার আশার কথা
আর স্বপ্নের নূপুর-নিক্কণ, মহানিশার অন্তঃপুরে দিশাহীন-
সে প্রেম অনুভব আস্বাদের অপার মহিমা খুঁজে ফিরে জীবন,
হেঁটে হেঁটে হৃদয়ের সে নদির পাড় ধরে,
বক্ষে লয়ে আশা যায় জীবন বয়ে।
লালিত সে অনুরক্তির ছন্দে বয়ে চলে অনুভবের নদি,
নিরেট নির্বিকার আলোকিত লয়ে,
পায় খুঁজে যদি সে প্রেমের কবিতার সন্ধান।
Leave a Reply