অপেক্ষা
তোমাকে দেখবো বলেー
অজানা পথের নকশা আঁকি
পেন্সিলের দাগে
কাঙ্খিত নিঃসর্গের কোলে জড়ো করি
স্বপ্ন পদাবলী।
তোমাকে দেখবো বলেー
প্রাত্যহিক যাপনের ব্যস্ততা থেকেও
অবসর জমাই
খেরো খাতায় আঙুলের কড়ে গুনি
সময়ের হিসাব।
তোমাকে দেখবো বলেー
অনন্তকালের কোলাহল ভিঙিয়ে
আনমনা হাঁটি পথ ভুলে
ধূসর খোলসের পাটাতনে বহু যত্নে
ছোঁয়াই মায়াবী রঙ।
তোমাকে দেখবো বলেー
বিনীত প্রার্থনায় আয়ুর দরখাস্ত রাখি
করতল ছায়ায়
ঠোঁটের ভাঁজে গড়িয়ে পড়ে মুদিত আঁখির
নোনাজল স্বাদ।
তোমাকে দেখবো বলেー
পূর্ণতার ঘোর থেকে শূন্য হয়ে থাকি
তুমিময় নিমগ্নতায়!
দূরাগত অপেক্ষা জেগে থাকে
দীর্ঘশ্বাসের ভাঁজে
বেদনার শব্দে…






Leave a Reply