উপেক্ষিত অপেক্ষা
নক্ষত্রগুলো আকাশ ছুঁয়ে ঘুমিয়ে আছে,
আমি এখনো অঘুমে অপেক্ষার প্রহর তাড়াই,
অপাঠ্য মুখস্ত সব স্মৃতিহীন শব্দের মহিমায় আমার প্রার্থনা।
আশেপাশে জেগে আছে নিথর সকল গীর্জা,
যেখানে আলো নেই…
অন্ধকার বিষণ্নতার বাগান।
আমি ব্যতীত কোথাও পাহারায় নেই
অনিদ্রার শরীর।
ঘর্মাক্ত জলে ভেসে যাচ্ছে অসীম রাত,
গ্রীবার পাশে নদীটিও গর্ভবতী,
স্রোতের মোহনায় থমকে আছে।
কেউ জানে না মিথিলার সাথে সন্ধি হয়েছে
রাতের গোপন প্রণয়ের উচ্চারণে;
উপেক্ষিত অপেক্ষার ঠোঁটে জমে থাকা লবণের মতো,
ধীরে ধীরে ক্ষয়ে যায় সময়ের সাথে।
শহরের সমস্ত ঘড়ি আজ চুপ হয়ে
কাঁটা খুলে রেখেছে আমার বন্ধ জানালার পাশে,
সময়ও আজ ক্লান্ত, অনুচ্চারিত,
কারো কাছে ফিরে যাবার আর ইচ্ছে নেই
তবুও কেউ যেন অপেক্ষায় থাকে
অনিয়মে।






Leave a Reply