জ্যোৎস্নার তিমিরে
জলের তলে একটি সবুজপায়রা পুষি
খুদের বদলে খুঁটে খুঁটে খায় নোনাজল
ধানের গন্ধ সে জানে না
সন্ধ্যা হলে বিলের ধারে
কেমন ছায়া নামে
ক্লান্ত বকের ঠোঁটে
লুপ্ত মহেঞ্জোদারোর দীর্ঘশ্বাস
দূরের মেঠোপথে কে উড়িয়ে যায়
ধুলোয় ধুলোয়, সাইকেলের চাকায়
সবুজপায়রা জানে না সেই খোঁজ।
তার শ্যামল পালকে বৃষ্টি লাগেনি
সোঁদাগন্ধে কেমন করে বুনোহাঁস
খুঁজে ফেরে বুনোহাঁসি
চেনে না সে পাতার জড়াজড়ি!
সবুজপায়রা শুধু কথা কয় আনমনে
জলের অতলের জ্যোৎস্নার তিমির
তবুও কার পদধ্বনি গোনে!






Leave a Reply