নামহীন কবিতা

সে কখনো এসে দাঁড়ায় 
ভরা এজলাসে, একাকী কাঠগড়ায়
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীর মতো

সে কখনো এসে দাঁড়ায়
ছেঁড়া ছেঁড়া পাপড়ির কবরের ওপরে
বিস্তীর্ণ কোলাহলে জনশূন্যের পথিক

গোধূলি ও অন্ধকারের শূন্যস্থানে
নির্লিপ্ত সময় ডুবে যায় পানকৌড়ির ডানায়
সকল গণনা নিশ্চুপ এসময়

হেডলাইনে কত কুখ্যাতরই ছবি ছাপায়
কত অপরাধীর গল্প মুখরোচক
সেদিন উকিলেরা কোকিল, রিপোর্টারদের সুনামি

লোকটি যেন কালিমালিপ্ত নবসংস্করণ
চারিদিকে ছাপানো জয়ের প্রতিবেদন
মনস্তাত্ত্বিকবিদরা পতাকা ওড়ায়, পেয়েছে লুপ্ত শহর

অপার্থিবে সে তখন বড়োই উদাসীন
গোটা জীবনের পোস্টমর্টেমের পর একাই ঈশ্বর
শক্ত শিরদাঁড়ায় যে শুষে নিয়েছে বাস্তবের করোটি

আজ সে মুখবন্ধ খাম
অনাহুতের মতো সমাজের দণ্ডিত সেলে
তার অন্তিম দিনের অপেক্ষায়...

দেয়ালে লিখে রাখে নাম - আউটসাইডার

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading