বেদনার রঙ আজ লাল
জানতাম বেদনার সমুদ্র নাকি নীল রঙের
কিন্তু এখন সে সমুদ্র রক্ত রক্তিম
সে রক্তের সমুদ্রে ভেসে গেছে সব আনন্দ খুশি
তবুও নাকি আসবে ঈদ?
হবে নাকি উদযাপিত ঈদুল আজহা ত্যাগের উৎসব!
ঈদের অন্তরে বুক ভরা বেদনার দীর্ঘশ্বাস
দুনিয়া চেয়ে দেখে প্রশ্ন করে নিজেকে-
এত অবজ্ঞা, হিংসা আর দ্বেষ কেন?
মানুষে মানুষে ঘৃণা আর নিষ্ঠুরতার প্রতিশোধ-
অপরের আধিকার ছিনিয়ে নেবার চলছে প্রচেষ্টা নির্মম।
আজও অকপটে মিথ্যার আশ্রয়ে নির্লজ্জরা উড়ায় ধর্মের ধ্বজা।
ভুল দীক্ষায় কেন শেখায় পরম নিষ্ঠুরতা-
নারী দেহ নয় লালসার উৎস!
শিশু নয় কোন পশু! হত্যা করে তাদের হবে নাকি পূণ্য?
ভাবে কি এটাই কোরবানি?
রমিসা তুইতো আশা করেছিলি-
এবারের ঈদে নাচবি লাল লেহেঙ্গা গায়ে জড়িয়ে
কিন্তু নিয়তি লিখেছিল অন্য কথা!
এক দানব দ্বিখণ্ডিত করল তোর নিষ্পাপ দেহ,
অতি আশার রক্ত ছোপা লেহেঙ্গা তোর গায়ে এখন।
যে সুশ্রী মুখে পড়তে চেয়েছিলি রক্তিমা আর
ডাগর চোখে কাজলরেখা তা হয়ে গেল চিরকালের মত স্তব্ধ।
অবুঝ এক মায়াময় শিশু ছিলি তুই,
ছিল অজানা দিনের স্বপ্ন সম্ভাবনা!
এক অমানুষের হাতে দন্ডিত হতে হল কেন তোকে?
Leave a Reply