কাগজের ভেলা
জিতে গেছো তুমি আবারও
আমি হেরেছি বারবার…
দুটো কোমল শব্দের প্রতীক্ষায়,
দুচোখের একফোঁটা নোনাজলের সাশ্রয়।
তুমি জিতেছো, কারণ
ভালোবাসার বিকল্প ছিল তোমার ধারালো উচ্চারণ,
আর তিক্ত প্রতিটি অক্ষর
পেরেকের মতো গেঁথে দিয়েছো বুকে।
আমি রক্তাক্ত হয়েছি নিঃশব্দে।
আমি আজ নদীর পাড়ের সেই পাথর,
যার শেষ নরম মাটিটুকু
খেয়ে ফেলেছে বিকেলের ক্ষুধার্ত জোয়ার।
ফেলে গেছে শুধু ক্লান্ত বালুচর,
ভাঙনের পরেও দাড়িয়ে থাকা স্মৃতির মিনার।
জিতে গেছো তুমি, প্রিয
প্রতিবারের মতোই।
তুমি ভাষাকে তরবারি বানিয়েছো,
আর আমি প্রতিটি বাক্য
নিজের শরীরে বহন করেছি ক্ষতের মতো।
নদী বয়ে যায় নিজের নিয়মে,
নিঃশব্দ বিদ্রোহে।
আমার ভাসানো কাগুজে ভেলা
অনেক আগেই ডুবে গেছে
অদৃশ্য স্রোতের অন্ধকারে।
কেউ দেখেনি তার শেষ ডুবে যাওয়া,
শুধু নদী জানে,
কত নিঃসঙ্গ ছিল তার হারিয়ে যাওয়া গল্প।
আমি আজ জেটির তলার লোহার স্তম্ভ,
শীতল জলের দীর্ঘ আলিঙ্গনে দাঁড়িয়ে থাক এক বিস্মৃত অবকাঠামো।
কবেই হারিয়েছি নিজের রং,
এখন শরীরজুড়ে জন্মায় শুধু শ্যাওলার নীরবতা।
মনে পড়ে না,
শেষ কবে কোনো উষ্ণ হাত
স্পর্শ করেছিলে আমাকে মানুষ ভেবে।






Leave a Reply