ছড়ার ছন্দে রাসুল (সঃ)এর বিদায়ী খুৎবা
মক্কা বিজয় হবার মাত্র দুইটি বছর পর
আল্লাতায়ালার প্রিয় পয়গাম্বর
বুঝতে পারেন তাঁর স্রষ্টার কুদরতি ইশারায়
এ জগত থেকে অচিরেই তাঁকে নিতে হবে চিরবিদায়।
সাথীদের মাঝে নানান সময়ে সে কথা করেন প্রকাশ
শুনে সকলের চোখে আসে জল,ভারী হয় নি:শ্বাস।
কিছুদিন পর হয় যখনই জিলহজ সমাগত
মক্কায় নবী রওয়ানা দিলেন করতে হজব্রত।
সাথে আসলেন সাহাবা অনেকে,আরো বহু লোকজন
সবার ইচ্ছা নবীর সঙ্গে করবেন হজ পালন।
মরু প্রান্তর পেরিয়ে এসে কয়েকটা দিন পর
রাসুল করেন মক্কা শহরে তোয়াফ কাবার ঘর।
মক্কাবাসীরা জানালো তাঁকে সাদর সম্ভাষন
লাব্বাইক ধ্বনিতে মুখর হলো কাবা প্রাঙ্গন।
আট জিলহজ মিনাপ্রান্তরে করিয়া রাত্রি যাপন
নয় জিলহজ করেন রাসুল আরাফাতে আগমন।
রাসুলের সাথে হজ পালনে জীবন করতে ধন্য
সেই শুভ দিনে আরাফাত তাই, ছিলো লোকে লোকারণ্য।
রাসুলের কথা শুনতে যখন উন্মুখ লাখো প্রাণ
শান্তির দূত তখন দিলেন দাড়িয়ে খুতবা দান।
কড়া রোদ্দুর,ধুধু বালুময় আরাফাত ময়দানে
রাসুলের বানী শান্তি ছড়ায় সকলের প্রাণেপ্রাণে।
রাসুল বলেন-
“শোন ভাইসব,শোন দিয়া সবে মন
হয়তো বা এটা এই আরাফায় আমার শেষ ভাষন।
আজকের দিনে যে সব জিনিষ হারাম সবার উপর
তেমনি হারাম থাকবে সে সব সারাটা জনম ভর।
অন্যায় ভাবে কাড়বে না কেউ অন্যের প্রাণ, ধন
জেনে শুনে কেউ করোনা কখনো, কারো কোন ক্ষতি সাধন।
মনে রেখো সবে আল্লার কাছে যেতে হবে শীঘ্রই
এবং তখন সব কর্মের দেবে যে জবাবদিহি।
আল্লার বানী পৌছে দিয়েছি আমি তোমাদের কাছে
দিয়ে দিও সবে যার কাছে যার, যতো আমানত আছে।
জাহেলিয়াতের যুগের হয়েছে চিরতরে অবসান
তবে মনে রেখো শয়তান থেকে,রবে সবে সাবধান।
আর তোমাদের নারীদের দিও পাওনা সে অধিকার
তাদের প্রতি করোনা কখনো অন্যায় অবিচার।
তোমরা করেছো বৈধ তাদের মেনে আল্লার বিধান
তোমাদের কাছে নারীকুল তাই, আল্লাতায়ালার দান।
শোন ভাইসব, শোন মন দিয়া, আমার এই কথাখানি
আমি তো দিয়েছি তোমাদের কাছে আল্লাতায়ালার বানী।
তোমাদের কাছে যে সব জিনিষ রেখে যাবো আজ আমি
সে সব হৃদয়ে ধারণ করলে হবেনা বিপথগামী।
আল্লাতায়ালার কিতাব এবং আমার মতও পথ
পালন করলে হবে উজ্জল সবার ভবিষৎ।
নামাজ, রোজা, হজ ও জাকাত, পালন করলে সবে
হাশরের দিনে আল্লার কাছে সকলেই প্রিয় হবে।
মিথ্যের সাথে থাকবেনা কেউ পালন করবে সত্য
মেনে নিও সবে আপন দেশের শাষকের আনুগত্য।
মনে রেখো সবে সারা বিশ্বের মুমিন মুসলমান
তোমরা সকলে একে অন্যের আপন ভাইয়ের সমান।
নিজেদের মাঝে করোনা কখনো বিদ্বেষ হানাহানী
পালন করবে আল্লার দ্বীন আর পবিত্র বানী।
রাসুল বলেন
“আমি কি পেরেছি করতে আমার কাজ ?
বল্লো সকলে “আপনি সফল, সাক্ষি দিচ্ছি আজ” ।
এই কথা শুনে আল্লার নবী মুহাম্মদ রাসুল
আকাশের দিকে তুললেন তাঁর শাহাদাত আঙ্গুল।
এগিয়ে রাসুল বলেন বলার নেই কিছু আর বাকী
হে রাহমানুর রাহিম তুমি, আছো এ কথার সাক্ষী” ।
আবেগ প্রবন নবীর বানীতে কেঁদে উঠে লাখোপ্রাণ
বীর ওমরের দুচোখে তখন ঝরে যে অশ্রুবান।
হজব্রত পালন শেষে সাহাবাদের সাথে
প্রিয় নবী চলে এলেন সোনার মদিনাতে।






Leave a Reply