উদ্বর্তন
টিকে থাকার কিছু মর্মবাণী আছে
মানুষ টিকে থাকে সেসব বাণীর পিঠে আরোহন করে
এই যেমন স্তব্ধতার গ্রীবা, অশ্রুপতনের শব্দ
এগুলো আপাদমস্তক লুকিয়ে ফেলতে হয়
অন্ধকারে ঘাপটি মেরে অন্ধকারকে প্রশ্রয় দিতে হয়।
টিকে থাকার বেশ কিছু শর্তও আছে
রক্ত ভরা থুথুর সাথে উগরে ফেলতে হয় অবাঞ্ছিত স্পর্শ
ঘাতকের প্ররোচনায় বিসর্জ্জন দিতে হয় মূল্যবোধ
যত যাই বলো টিকে থাকার মন্ত্র জপে পার করতে হয়
গোটা একটা জন্ম।
এভাবেই হয়ত পুরোনো বাতাসে মুখ ধুয়ে ধুয়ে মানুষ টিকেছিল
বাপ দাদার ঋণ বগলদাবা করে ছুটেছিল চকচকে মানচিত্রে
ভাসা ভাসা আবেগে বিবমিষা জাগিয়ে
আগুনের সমুদ্রে ডুবিয়ে ফেলেছিল অনন্তের প্রার্থনা।
আমরা তো এভাবে টিকে থাকতে চাইনি
আমরা চেয়েছি সদর্পে রূপকথা নামুক গল্পে
উড়াল সড়কে চঞ্চল হোক সুতীব্র বিশ্বাস
টিকে থাকুক আজন্ম পবিত্র স্ফটিক স্বচ্ছ শব্দ।
জানি একদিন আমাদের হৃদয়গুলো গর্বিত হবে হৃদয় হবার কারণেই
দিনের ঔজ্জ্বল্য উন্মাদ হবে সমস্ত পবিত্রতা ধারণেই।






Leave a Reply