ভাঙা দোলনার গান
বাংলাদেশের মানচিত্র আজ
একটি আহত শিশুর মুখের মতো
নদীগুলো নীরবে বয়ে নিয়ে যায়
অপরাধের গোপন ছায়া।
কোথাও এক মা সারারাত—
শিশুর জামা বুকে চেপে বসে থাকে,
কোথাও একটি ভাঙা দোলনা
হাওয়ার সঙ্গে কথা বলতে-বলতে থেমে যায়।
সভ্যতা নামে যে অট্টালিকা বানিয়েছি আমরা,
তার ভেতরে এখন—
মানুষের চেয়ে বেশি বাস করে হিংস্রতা।
তবু দূরে কোথাও—
একটি শিশু এখনো আঁকছে সূর্য
হয়তো পৃথিবী বেঁচে আছে সেই শেষ রঙের জন্য।






Leave a Reply