ইচ্ছে-মুক্তি
না আজ আর কিচ্ছু করবো না,
আজ কোনও তাড়া থাকবে না,
বাজার হাট যাওয়ার তাগিদ নেই,
শরীরে যে অসুখ আজ সেসব উদযাপন করবো।
ঘড়ির শাসন মানার সময় পেরিয়ে গেছে,
জানলার কাছে কার্নিশ, সেখানে যুবক হেঁটে যাবে,
পড়ে যাওয়ার ভয় নেই, যুবতীর শরীরে দুজন সাপ লুডু খেলবে,
উঠে যাওয়া সিঁড়ির শেষে মোহ!
না আজ আর তাড়া নেই,
সূর্যের রং মুখের কাছে ফুটে উঠবে,
ঈশ্বর আজ এখনও ফুল পাননি, আজ তাঁরও তাড়া নেই,
অপেক্ষায় থাকবে, তোমার সিঁদুর গড়িয়ে নাকে পড়ার,
লজ্জায় রাঙামাটি তোমার শরীর!
ব্রত শেষ হলে ভাত বসিয়ো, দু'মুঠো ভাত খেয়ে তোমার কপালে
যখন চুমু খাবো ঈশ্বর ঈর্ষা করবেন,
ধৈর্য্য হারিয়ে ফেলবেন, তুমি শেষে দরজায় দাঁড়িয়ে বলো 'দুগ্গা দুগ্গা'।
Leave a Reply