বৃষ্টিভেজা স্মৃতির খোঁজে
যখন বৃষ্টির জল মৃত্তিকার বুকে ঝরে পড়ে,
শিশুকাল মনে পড়ে,
ছেলেখেলা মনে পড়ে।
মনে পড়ে ওড়নার রং,
রোদে শুকানো স্বপ্নের ঢং,
ইস্কুল মাঠের কোলাহল,
বন্ধুদের হাসি, অগণন দল।
মনে পড়ে আমাদের বাড়ি,
মাটির উঠোন, আমগাছের সারি,
বিকেলের হাওয়ায় দুলত যে ডাল,
সেখানে লুকিয়ে থাকত কত রূপকথার জাল।
নদীটির সেই চেনা ঘাট,
নৌকার বৈঠায় জলের আঘাত,
সন্ধ্যার আলোয় ভেসে যেত মন,
অচেনা সুখে ভরতো জীবন।
রিক্সোর টুংটাং শব্দ কানে,
হারিয়ে যাওয়া দিনের টানে,
মনে পড়ে বাজারপথ,
মেঘলা আকাশ, কাদামাটির রথ।
মামাবাড়ির সেই জাম গাছ,
ডালে ডালে পাখির বাস,
গ্রীষ্ম দুপুরে ছায়ার নিচে,
কত গল্প জমত পিছুপিছু।
পুকুরের তাজা মাছের ঘ্রাণ,
জলের বুকে সূর্যের গান,
সাঁতার কাটা নির্ভয় দিন,
আজও ডাকে স্মৃতির বীণ।
সহপাঠী সাবিনার মুখ,
চোখে লুকানো সরল সুখ,
ক্লাসের ফাঁকে মিষ্টি হাসি,
সময়ের স্রোতে গেছে ভাসি।
হারানো সে সুখ খুঁজে ফিরি উৎসুক,
দুনয়নে সবখানে,
আনমনে।
বৃষ্টির ফোঁটায় দেখি তাদের ছায়া,
মনে হয় তারা এখনও কাছে আসে মায়া।
কত বছর পেরিয়ে গেছে,
জীবন কত পথে বয়ে গেছে,
তবু এক পশলা বৃষ্টি এলেই,
স্মৃতিরা ফিরে আসে নির্ভয়ে।
মাটির গন্ধে জেগে ওঠে মন,
ফিরে পাই হারানো ক্ষণ,
যেন সময় থমকে দাঁড়ায় আবার,
শৈশব ডাকে—”ফিরে এসো আরেকবার।”
আর আমি চেয়ে থাকি আকাশপানে,
বৃষ্টির সুরে, নীরব গানে,
হারিয়ে যাওয়া দিনগুলোর সুখ
খুঁজে ফিরি আজও উৎসুক।






Leave a Reply