শাশ্বত টিপসই

তুমি আর আমি প্রদীপ্ত প্রাকৃতজ 
সিনাই থেকে সিংহল মহীরুহ ছায়া অপত্য মায়া
সুঠাম দীর্ঘ দেহসৌষ্ঠব আদমসুরত
আদিমগন্ধ ঈভ বিম্বিত মণিহার
অন্তর্নিহিত সত‍্যের প্রতিভাস সূর্যের ঘর
নির্জন পর্বত জ‍্যোৎস্না ছেনে রাত।

নিসর্গের নক্সী মুখ মায়াভরা চোখ
পৃথিবীর পথে ধূপসঞ্চারী দেহবাতি
অন্তহীন জিজ্ঞাসায় পায়ের পাতায় ক্লান্তি
বসে পড়ে দুটি কায়া পর্বত ছায়ায়।

নিস্তব্ধতা ভেঙে আকাশমুখী পাখি
অবারিত প্রান্তর সবুজ পাতার আনন্দ-ধ্বনি
নির্মল শিষ্ট কাঁচ অরণ‍্য জল
দুজনের নিবদ্ধ চোখ জলের আয়নায়
হাত বাড়াও,স্পর্শের উত্তাপ নাও
হৃদয়জাত মেখলা নদী অশ্রু-আঁখি।

চোখে চোখ রাখি টলোমলো জল দেখি
আমার চোখেও নোনাজল—কেনো এই জল?
গড়িয়ে পড়া চিবুকের জল,কি নাম তার?
চঞ্চল চঞ্চু ঘষে পাখি—চেয়ে দেখি
শীতার্ত তুমি জড়িয়ে থাকা নিমগ্ন সুখ
অতল তৃষ্ণায় পেতে দেই কবোষ্ণ বুক।

সীমাহীন বিস্ময়ে বুকের নদীতে বিপুল ঢেউ
অনুরাগের নিম্নচাপ কাঁপছে শরীর
নদীর বুকে বুঝি প্রথম জোয়ার
স্ফীত ঢেউ ভেঙে পড়ে শরীর বেয়ে
চুম্বক আকর্ষণ নীরব সমর্পণ
মোমগলা আদিজল উষ্ণ আলিঙ্গন।

মুষ্টিবদ্ধ হাত উজানের বাতাস ঠেলে
প্রণয়ের উষ্ণতা উৎস‍্যমূলে
উজ্জ্বল নক্ষত্রসভা আকাশের মুখ
প্রতিশ্রুতির আস্থা নিরঙ্কুশ
পরিভ্রমণের নিঃশর্ত দেনমোহর
শাশ্বত টিপসই বুকের ভেতর।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading