প্রেমের কবিতা ও পারমিতা
যদি বলি...
আকাশের রক্তাভ চাঁদ জবাই হবে আজ!
তুমি কি মেনে নেবে পারমিতা?
চাঁদ এখন বিমগ্ন শরীরে নম্র তাপ মেখে বসে আছে।
শীর্ণ সুতির থান গায়ে, বটের ঝুড়ি জড়িয়ে নিয়ে
আশপাশ থেকে উঁকি দেওয়া নরম জল্লাদেরা,
বেছে নিয়েছে নিঃসীম মনস্তাপের পথ!
দুধসাদা নীলিমায় তারারা চাঁদ মেখে আছে...
যেন ফাঁপা মিনারের মাথায়,
আলিঙ্গনরত তুমি ও আমি!
আমি কবিতা লিখি।
আমি লাঙ্গল খুঁজে নিয়ে ফিরি সন্ধ্যেবেলায়।
আমি অনন্ত আকাশ সাজি।
সেই আকাশে সদর্পে ডানামেলা হাবাগোবা এক বাজপাখির ঠোঁটে
জোয়ার আসে গোলাপি লাশের শব্দে।
এ কবিতা কি আদর্শ প্রেমের কবিতা হয়ে উঠবে কোনোদিন?
হয়ে উঠবে কোন অন্ধকার পাপের যোগ্য উত্তরাধিকারী?
বাইরে তরুণ বৃষ্টিতে ভিজছে শহর, ভিজছে নোঙ্গর।
ভিজছে উষ্ণায়নে মৃত সব গোলা পায়রারা।
এখন যদি কোন কবিতা লিখি আমি,
সে কবিতা কি শুধু আমাদের হবে পারমিতা!
Leave a Reply