ভস্ম ঈশ্বরের নামে
কোথাও যেতে ইচ্ছে করে না,
না কারও সঙ্গে কথা…।
লন্ডনের আকাশে মৌসুমি ফিকে আগুনের হ্রদ,
বাতাসে গলে পড়ে উলঙ্গ তাপ।
টেমসের জোয়ার-ভাটায়
ভেঙে পড়ে কেট মিডলটনের শরীর
যেন রাজমুকুটও
আর কোনো আশ্রয় নয়।
আমার আর কিছুই ভালো লাগে না।
শব্দাহত কৃত্রিম এই প্রতিযোগিতা,
অন্বেষী সময়ের জঠরে
নর্দমায় ফোটা সব বুনোগোলাপ!
না, আমি চাইনা কৃত্রিম সহবাসের এই নাগরিক জীবন
যেখানে আমার কবিতার শব্দেরাও চুরি হয়ে যায়।
আমার আশেপাশে শরবিদ্ধ বৃক্ষেরা
অনাদৃত বাতাসে হেলে আছে।
আমার ইচ্ছে করে না জিজ্ঞেস করি;
মহাত্মারা, কেমন আছেন আপনারা?
ইচ্ছে করে না
পশুত্বের আক্রোশে বিসর্জিত বিবেকের ধারস্থ হতে।
আমি আর কোথাও যেতে চাই না,
কারও ভুলে যাওয়া নামটি ফের জিজ্ঞেস করতে চাই না।
আমি ব্যস বিভ্রমে থাকি…
নষ্ট সময়ে
ভস্ম ঈশ্বরের নামে।






Leave a Reply