দেয়াল
এই যে তুমি দাঁড়িয়ে আছো পাহাড় সম
যাকে ভাঙা যায় না, গড়া যায় না;
কঠিন শিলার শক্ত দেয়াল
নিশ্চল কিন্তু নয়নাভিরাম!
এই যে তুমি একাই হাঁটো;
পথ চলতে থেমে যাও না, আছাড় খেয়ে পড়ে যাও না;
ব্যথায় তুমি কেঁদে উঠলেও কাউকে তুমি কাঁদাও না!
এই যে তুমি দাঁড়িয়ে থাকা নীরব নদীর বহমান ঢেউ;
হালকা চালে দাঁড় টানা কোন নৌকা হয়ে ভেসে চলো;
এই যে তুমি আপন পরের বিভেদ ভুলে;
পরের আঘাত আপন ভেবে;
কষ্টগুলোয় প্রলেপ মাখো;
যদি ভুল ভেবে কেউ কেঁদে ওঠে,
তার হাতে হাতটি রেখে
বলে চলো ভুল হয়েছে, আর হবে না!
এই যে তুমি নীরব হয়ে নদী হচ্ছো...
স্রোতের সাথে আরেক তীরে হয়তো
গিয়ে ভেসে উঠবে!
হয়তো তুমি ভালো থাকবে!
জীবন জালে ব্যস্ত হয়ে পাখি এবং নীড়কে ভুলে
একা একাই শহর গড়বে।
এই যে তুমি মরুভূমির আকাশ হচ্ছো;
প্রখর তেজে পুড়িয়ে ফেলছো নীল হৃদয়ের কষ্ট গুলো!
ধীরে ধীরে জানবে তুমি ভালোবাসাই আনন্দ!
Leave a Reply