ময়ূর-নীল স্বপ্ন
সং এর ভূমিকা করতে পালন
নির্বাসনে গেছে ভিতরের লালন
অন্তঃসারবিহীন সংসার যাপন — হে ক্ষীণ জীবন!
পঙ্কিল প্রলেপ পড়ে প্রতিনিয়ত জাগতিক পেষণে
আচমকা বাঁক পেরিয়ে দেখা যায়না অপূর্ব নিসর্গ
সাদা মেঘ ভাসা নিরেট পাহাড়
উঁচু, নীচু — আবার উঁচু — আর সুবিশাল
অজেয় চূড়ার আকাশভেদী স্বাধিকার।
আমি ময়ূরের মেলা পেখমের মতো নীল দিনের অপেক্ষায়
উপত্যকার পাথুরে জঙ্গল ফুঁড়ে হাঁটছি ত্রিকালব্যাপী
আনকোড়া আরেক মহাকালে পৌঁছবার তাড়নায়।
জানালার কাঁচে বৃষ্টির ফোঁটায় পাহাড়ের বরফকুঁচি
মনের সিথানে গুমোট এক আকালের খনিভার
মাতি নিরবশেষ বন্ধ আগল খোলার পাঁয়তারায়
তবুও মাতি মাতাল আঁধার বরষায়
ময়ূরের পেখমের মতো নীল সকালের আশায়।





Leave a Reply