তবুও দাঁড়িয়ে থাকি
আকাশে জোছনার রূপালী আবির,
আমার নিদ্রাহীন চোখে
নিঃশব্দ প্লাবন;
ব্যালকনিতে একাকী দাঁড়িয়ে দেখি
রাস্তাজুড়ে মানুষের চলাচল…
যেন সময়ের বুকে
অসংখ্য ক্ষণিক ছায়ার মিছিল।
দীঘল রাতে, নির্জন চাঁদের আলোয়
জেগে থাকি তার অপেক্ষায়;
আলো বিলোতে বিলোতে
একসময় সেও নিভে যায়,
তবুও আমি দাঁড়িয়ে থাকি,
নিশ্চুপ; নির্বাক।
এমন জনশূন্য, নিস্তব্ধ গভীর রাতে
আমার কথা আর ব্যথার চিহ্নগুলো
ডালপালা মেলে দেয় দিগ্বিদিক;
অদৃশ্য কোনো বৃক্ষের মতো
আমার ভেতরেই জন্ম নেয়
অব্যক্ত হাহাকার,
আর তার শেকড়ে শেকড়ে
বিদীর্ণ হয় হৃদয়।
তবু…
শূন্য রাস্তায় আমি খুঁজে বেড়াই
কায়া আর মায়া,
দুটি সমান্তরাল অস্তিত্ব,
যারা পাশাপাশি হেঁটে যায়,
তবু কোনোদিন
একে অন্যকে ছুঁতে পারে না।
আমি ধীর পায়ে ফিরে আসি ঘরে;
তবু থেকে যাই
এক মধুর অপেক্ষায়।
আমাদের অপেক্ষায়
নির্বাক চেয়ে থাকে
দু’কাপ শীতল, নির্জন কফি;
যেন টেবিলের ওপর পাশাপাশি রাখা
দুটি অসমাপ্ত গল্প।





Leave a Reply