চৌধুরী মো.তারিক
চড়ুই তলায় কেউ আসেনা নিয়মমাফিক
প্রকৃতির দায়ে সন্ধ্যা নামে রাত্রি আসে
খদ্দের আসে,রং কড়া চায়ে তৃষ্ণা মিটে।
কেটলির সাদা পানি উত্তপ্ত হয়ে উর্ধ্বাকাশে উড়ে যায়
তুমি আমি আমরা সবাই নোটিশ ছাড়াই পাড়ি জমাই
অচেনা বন্দরে
নিরুদ্দেশ হলো কত সতীর্থ অচেনা সন্ধ্যায়
জোনাকির আলোয় অবসরে গেছে চায়ের আড্ডা
অন্ধকারে ধোঁয়ার কুন্ডলীর মত স্বপ্নবাজ বৃদ্ধের ছাপোষা জীবন
ঘাপটি মেরে বসে থাকি
অন্ধকারের সাথে মুখোমুখি চড়ুই তলায়
রাত নেমে আসে বড় রাস্তা ধরে হেঁটে যাই
যেখান থেকে শুরু হলো
সেখানেই হারিয়ে খুঁজে ফিরি উদ্দীপ্ত যৌবন
বিচ্ছিন্ন স্মৃতি
ধুলো জমে আছে
ক্ষমা অভিযোগ ফেলে দিলাম সব আস্তাকুঁড়ে
পথিক আমি অচেনা ভয় নিয়ে এই শহরে অচেনাই থেকে গেলাম।






এখানে আপনার মন্তব্য রেখে যান