ময়নুর রহমান বাবুল

তুমি এখন অনেক বড় হয়েছ মা-
নিজেকে নিজেই এবার দেখে রাখো,
সামনে যতকিছুই আসুক তোমার
কষ্টের বোয়মটা ঢেকে রেখো।

ছোটো ছিলে, মায়ের কোলে কাঁখে
বাপের পাঁজর মাঝে নিরাপদ ছিলে,
শীত তাপ, ঝড় বৃষ্টি ছুঁয়নি তোমায়
মাথার উপর ছাতা ছিল মা বাবার।
এখন হয়েছ বড় তুমি
নিজের পায়ে হাঁটতে শেখো।

সেই ছোটো থেকে বড় হতে হতে
তুমি দেখেছ আমাদের তেলচিটে
আর কর্মট প্রান্তিক মানুষগুলোকে,
যাঁদের গায়ের রঙ তেল কুচকুচে কালো
যাঁরা আলো না দেখেই বাস করে অন্ধকারে,
কষ্টে যাদের চোখ গড়িয়ে অশ্রু ঝরে না
পরিশ্রমে সারা গায়ে গড়িয়ে পড়ে নোনা ঘাম,
যারা মুখে চিৎকার করে না-
প্রতিবাদ করে কর্ম দিয়ে, নিরবতা দিয়ে-
তোমার চলার পথে তাঁদের যেন একটু দেখো।

এগিয়ে যাও মা। বন্ধুর পথ, পিচ্চিল পথ
উঁচু নিচু পাহাড়, কিংবা পাথরের দেয়াল
ভেঙ্গে দাও শক্ত লোহার আগল ;
নিঃশব্দের, অনুচ্চারিতের কিংবা অবদমিতের
সকল প্রত্যাশা — সকল সমাধান
ডিঙিয়ে যেন যেতে পারো সকল বাধা এবং বিপত্তিতে।

বড় হয়েছ মা, আরও বড় হও, এগিয়ে যাও
শুধু মেয়ে নয়, নারী নয় — মানুষ হও
ধৈর্য শৌর্য সাহসে শক্তিতে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending