মুস্তাফিজ শফি

তোমার খোপা খোলা এলোচুলের মতো শ্রাবণ হাওয়ায়
দুলছে নদী, শঙ্খ নাকি সাঙ্গু—প্রশ্ন করি কী তোমার নাম,
নামে কী বা আসে যায়, নদীতো সব সময় নারীর মাদকতায়
বয়ে চলে—শুধু আজ তোমার চিবুকে তার ছায়া রাখলাম।

যতোবার বলি নদীর গল্প—সেতো বন্দনা তোমারই নামে
টের কি পাও, নদীতে বিলীন আজ সেইসব দেহের ভাষা
জলেশ্বরী, তোমার গভীরে তাই ডুবে যাই কামে ও ঘামে
তোমারে মন্থন করে বুকের ভেতর রাখি নদীর পিপাসা।

সকল নদীর বুকে অবশেষে তোমাকেই পাব বলে মানি
জলের ভেতর আগুন ঘষে জলের আদরে চাই তার অবসান—
জীবনের এই চন্দ্রহার আমারই ছিলো, কিংবা আছে জানি,
সেই অধিকারে তোমারই কোঠরে বন্দী রাখি এই দেহ-প্রাণ।

শুনে যাও —জলেভাসা এই গান, তোমারইতো গান গাই—
নদী হয়ে হয়তো এসেছো কাছে, হয়তোবা আসো নাই।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending