আবু মকসুদ
এই মাটির রং সবুজ,
তবু তার শিরায় শিরায় রক্তের স্মৃতি
চুপিচুপি বয়ে যায় নদীর মতোই
অশ্রু, ত্যাগ, মায়ের অপেক্ষা।
ফিরে আসে না যে সন্তান,
তার জন্য খোলা থাকে প্রতিটি জানালা,
ভাঙা ঘরের দেওয়ালে দেওয়ালে জমে থাকে
এক অনন্ত শোকের জোছনা।
একদিন এক মানুষ দাঁড়িয়ে বলেছিলেন
“মাথা নত নয়, এ দেশের মানুষ মাথা নত করবে না।”
তার কণ্ঠে ছিল পাহাড়ী নদীর জোয়ার,
চোখে ছিল আগুন, বুকে ছিল অদম্য বিশ্বাস।
মানুষ শিখেছিল
ভয়কে সরিয়ে রাখলে
ইতিহাসের চাকা ঘুরিয়ে দেওয়া যায়,
নতুন করে লেখা যায় জন্মকথা।
তারপর রক্ত ঝরেছে
পথে পথে, গ্রামে গ্রামে,
ধানক্ষেতের সবুজ গাল বেয়ে
লাল হয়ে উঠেছিল মাটি।
সেই রক্তের ওপর দাঁড়িয়ে
এক টুকরো পতাকা ছুঁয়েছে আকাশ
সবুজের বুক চিরে উঠেছে লাল সূর্য,
যেন বলে গেছে
স্বাধীনতা বিনা মূল্যে মেলে না।
বাংলাদেশ তাই শুধু ভূগোল নয়,
এ এক ইতিহাস যেখানে মাটি, মানুষ, গন্ধ
এখনও ভুলতে পারেনি সেই রক্তের নাম।






এখানে আপনার মন্তব্য রেখে যান