কাবেরী মূখার্জী
আমার যত মঙ্গলময় উদারতা আর বিশ্বাস,
সবটুকু নিয়ে নাও,
অবিশ্বাসে পূর্ণ করো অন্তর নির্দ্বিধায়,
নিয়ে নাও অন্ধকারের লুকানো আলোটুকু,
গভীর সমুদ্রে ডুবিয়ে দাও রক্তিম আত্মঘাতী সূর্যটাকেও
নাও, সব নিয়ে নাও!
নিয়ে যাও উদাসীন আশীর্বাদ আর প্রস্ফুটিত পুষ্পগুলো,
শীতের স্পর্শকাতর কুয়াশার ম্লান আঁচল,
নাও, সবটুকু নিয়ে যাও,
আমার জন্য রেখে যাও কেবল কণ্টকময় প্রান্তর
আর রহস্যময় বিকলাঙ্গ স্মৃতিগুলো।
ছিনিয়ে নাও মাটির স্নিগ্ধ কোমল প্রতিটি নিঃশ্বাস,
নিক্ষেপ করো আমাকে লৌহ-নির্মম উনুনে,
যেখানে তোমার করতলও দগ্ধতায় ক্ষতবিক্ষত হয়,
নাও, সবটুকু নিয়ে যাও,
রেখে যাও আমার জন্য সুখের বিপন্ন সময়।
কোমল পাতাগুলো নিয়ে যাও,
যাদের স্নিগ্ধতায় সিক্ত হয় পদতল;
তাদের রূপান্তর করো দহন-অঙ্গারে,
ধিকিধিকি জ্বলুক প্রখর তাপে
আমাকেও তেমনি দগ্ধ হতে দাও সুবর্ণ বিশ্বাসে।
নাও, সব নিয়ে যাও।
কেড়ে নাও উদার স্নেহ আর উষ্ণতা,
উপড়ে নাও হৃদয়ে লালিত স্বপ্নসমূহ,
শোনো তাদের মিহি স্পন্দন,
ভঙ্গুর ছন্দ-প্রণয়ের নিঃশব্দ আবেদন
সবশেষে যেখানে বাকি থাকে এক বিপন্ন ধ্বনি,
তাও নিয়ে যাও, সব নিয়ে যাও।
বর্ণচ্ছটা, প্রকৃতির সকল রঙ নিয়ে যাও,
আমার বসন্তের ড্যাফোডিল,
চেরি-পুষ্পে আঁকা স্বপ্নীল দিগন্ত-বাগান
সবটুকু ঢেকে দাও মৃত শৈত্যের হিমে,
নাও, সব নিয়ে নাও।
আর যখন অবসান নেমে আসবে আমার জন্য,
যখন বিসর্জন দিয়েছি বর্মের শেষ আবরণ,
আমি হয়ে যাবো ক্ষীণ, নিরালম্ব, নিরুপায়
তাই ভালো,
নিয়ে যাও, হেমন্তের অন্তিম পত্রখানি,
আমার অন্তঃস্থ শেষ নিঃশ্বাস,
মুদ্রিত ওষ্ঠ, নীরব সহিষ্ণুতা,
নিয়ে নাও আমার অবশিষ্ট প্রার্থনাও।
নাও, সব নিয়ে যাও
অবশেষে,
আমার জন্য শুধুই থাকুক সুবংকরের ফাঁকি।






এখানে আপনার মন্তব্য রেখে যান