গোলাম কবির
জানিনা কখন শলতে নি:শেষ হবে-
নিভে যাবে জীবন প্রদীপ
গোধুলির আকাশে মিশে যাবে হলুদ দিগন্তের সীমানায়!
বেলা শেষে মেলাও শেষ হবে নিশ্চিত,
যেনো ছোট শিশুটির খেয়ালি হাতের মুঠো থেকে
সুতো খুলে বেলুনটা উড়ে যাবে উপরে আকাশে-
কোথায় কতদূর চলে গেলো রঙিন বেলুনটি-
কে আর দেখবে কতক্ষণ!
সাদাকালো মেঘের ধোঁয়াশায় মিলে যাবে নিশ্চিত:
শেষ কথা হয়তো বলাই হবেনা!
না বলা কথাগুলো হয়তো প্রতিধ্বনিত হবে তোমাদের কন্ঠে,
তখন বিশ্লেষণ করবে হয়তো কেউ আযথাই–
অথবা
বাকি সবটাই পড়ে থাকবে কোরা কাগজের মতোই,
কিছু যাবে আসবেনা এই গ্রহটার!
অথচ এখন অযাচিত কৃপণতা ভালোবাসার,
কৃপণতা মানবতার, সৌজন্যের, শ্রদ্ধার, সহনশীলতার, সরলতার!
এসবতো কেবল এই গ্রহেরই সম্পদ মানুষ এবং প্রাণীর,
তুমিতো এই দু’য়েরই কোনো এক; নয় কি!






এখানে আপনার মন্তব্য রেখে যান