মনোজ কুমার রথ

রঙের সাথে রং মেশাতে এসো,
মনের সাথে মনকে না হয় পরে;
চোখের ভাষাই মনের ভাষা হ’লে,
ষোলোআনা: গ্যাছোই প্রেমে পড়ে।

পে’রিয়ে গেলো অনেক অনেককাল,
অনেকগুলো রঙের ঋতু বৃথা!
এই বসন্তে শেষের দিনে হলেও,
মনের সাথে মন মিশিও, পৃথা।

তোমায় দেখে শিমূল পলাশ হাসে,
কৃষ্ণচূড়ায় রং লেগেছে দেখো;
মনকলমি বলছে, “দ্বিধা কিসের?
তুখোড় প্রেমের কাব্যকথা লেখো”।

জীবন যখন ধূসর ধূসর লাগে,
তুমিই আমার আবির একটি মুঠো;
আকাশপানে উড়িয়ে দিয়ে ঘুড়ি,
ছোঁবার আশায় ছেড়েই চলেছি সুতো।

বে’রিয়ে এসো,পে’রিয়ে এসো সাঁকো,
উঠেছে ফুটে পলাশ থরে থরে!
রঙের সাথে রং মেশাতে এসো,
মনের সাথে মনকে না হয় পরে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending