সাদিয়া নাজিব


তোমার ঘরের ভেতর টা কেমন;
দেখতে পাইনি কোনদিন
কলাপসিবল গেটটি সবসময়ই টেনে রাখা
সদর দরজা ও খিল আঁটা প্রায়শ:ই
হাওয়ারা মুখ থুবড়ে পড়েছে শুধু ঐ দুয়ারে
করাঘাত করেছে মুহুর্মুহু
চৌকাঠে জ্যোৎস্না বিলাপ করে মরে

এমন উন্মত্ত বেলা যায়!
তোমার প্রেতময় পরিপাট্য, বধিরতা
এবং অনুশাসন ঘুটঘুটে অন্ধকার
রক্তচক্ষু মেলে মসনদ আঁকড়ে বসে আছো
সব কপাট বন্ধ করে।

এই কাঙালপনা, এই দারিদ্র্য
একটি নিম্নবর্গীয় ভিখিরিরই প্রতিভাস।

তোমার কেয়ারী করা বাগানে নির্গন্ধ ফুলের চাষ,
তারা ও ভয়ার্ত, হাসতে জানে না
তোমার কেয়ারী করা কেশ কি বিভৎস!
হাওয়ার দুরন্তপনায় কি প্রেম সে জানে না।

খোলো!
খোলো!রুদ্ধ দুয়ার।
উদ্দামতায় মাতুক কেশদাম,
উদগমন হোক দূর্বাদল অনাবিল,
ফুলে শস্যে অরণ্যে ছেয়ে যাক
ছাপ্পান্ন হাজার বর্গমাইল।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending