লোপা মমতাজ
ডায়েরির ভাঁজে রাখা চিঠিটা তুমি লেখোনি,
তবু তোমার গন্ধ লেগে আছে—
আজও।
সেখানে আমি পড়ি—
‘তুমি এখন একলা, আমি জানি।
আজ লাল ব্লাউজ দিয়ে ওই জাপানি জর্জেটটা পড়বে।
ভেতরে ব্রা পরো না, প্লিজ।
তোমাকে দেখতে চাই তোমার ভেতরটা—
আধোআলোয়।
চিঠিটা আমি কাউকে দেখাই না,
তবু প্রতিরাতে, যখন এই পাড়াটা ঘুমিয়ে পড়ে
আমি জেগে থাকি সেই আলোয়—
বহুদিন।
কেউ জানে না, আমার বালিশের নিচে একটা খাম লুকানো,
যার নেই কোনো ডাকটিকিট, নেই কোন নাম
তবু সেই খাম
ঠিকই পৌঁছে যায় আমার ঠিকানায়—
এখনও।
সেই চিঠির প্রতিটি শব্দ
আমার ত্বকের নিচে ঢুকে যায়,
আর আমি ভোরের
আগে খানিকটা আলগা হই,
নিজের কাছেই—
একটু পুরোনো,
একটু একা…






এখানে আপনার মন্তব্য রেখে যান