মাসুদ খান

নগর যতই হবে জটিল ও উচ্চতাবিলাসী,
কংক্রিট থেকে কংক্রিটে অবাধ লাফিয়ে-চলা পারকোর ক্রীড়াবিদ হবে
ততই নিপুণ, ততটাই বেপরোয়া।

শোকাতুরা ব্যারিস্টার চোখ মুছতে মুছতে গিয়ে আবার দাঁড়াবে আদালতে
পুত্রহন্তা-পক্ষের আইনজীবী হয়ে।
ওদিকে কাতরাতে থাকবে দগ্ধ শিশু আর সেইসঙ্গে তাদের বাবা-মা।
মধ্যরাতে অকৃতদারের নগ্ন নাস্তিক্যচর্চার মতো
ধীরে ফুটে উঠবে দিগন্তে দু-একটি ঝিকিমিকি নাকফুল।
দুরাচারী সম্প্রদায় পশুকাম ছেড়ে হয়ে উঠবে বেঘোর শবকামী।

অরণ্য ও নগর কথা বলে পরস্পরে, দুঃখ করে,
দূর থেকে শুভেচ্ছা জানায়… সবই যুক্তবর্ণে,
শুধু দীর্ঘশ্বাসটুকু মগ্ন মুক্তাক্ষরে।
এ-বছর যদি তারা ভোগে স্মৃতিকাতরতায়,
আগামী বছর তবে অপস্মারে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending