তনময় শাহরিয়ার
ভালোবাসা এক অথৈ বাজপাখি
তোমার মেঘে টইটম্বুর আকাশে
উন্মীলিত তার বিশাল ডানা
বুক পেতে নেয় ঝটিকা ব্জ্রবাণ।
সামন্ত নগর ঘিরে থাকা দূর্গ যেন
একাত্ম হয়ে জেগে থাকে পরম সতর্কতায়।
এক অকথ্য কবিতার নাম ভালোবাসা
সুরম্য, সুরভিত
প্রাসাদোপম মায়ামাখা অভিলাষ
আমার আগুনঝরা পথে
অগ্নিনির্বাপক দলের মতো তৎপর বোধ।
আমরা এক অকুতোভয় প্রচেষ্টায়
পর্যবসিত ক্রমাগত
পারস্পরিক প্রকাশে সর্বত উন্মোচনে দায়বদ্ধ
মনন উপচে ওঠা প্রেমে
শরীরের চেয়েও গভীরে আরো
সুপ্ত-সুক্ষ্ম উপভোগে।
একদিন উধাও হবে এসমস্ত বাস্তবতার কাহন
বাজ যতোটা তুখোড়
ততোটা ঊষ্ণ নিশ্চয়ই ওম তার ডানার
সেই পরম ভরসাস্থলে
আপন করে নেবো তোমায়।






এখানে আপনার মন্তব্য রেখে যান