আসাদ মান্নান

কুয়াশা জড়িয়ে আছে ফুলে ফলে;অন্ধকারে তবু
একটা উজ্জ্বল দিন আজ; রক্তমাখা জন্মভিটা ;
বিষন্ন আকাশ জুড়ে নক্ষত্রের গোপন সভায়
আগুনের মন্ত্র জপে বাস্তুচ্যুত নদীর দুহিতা;
বৈঠাহীন মাঝি একা পাড়ি দেবে জলের উজান–
তোমার যেখানে ইচ্ছে যাও পাখি অমরতা বুকে।

মাটি ও রক্তের গন্ধ ছেড়ে আমি কোথাও যাবো না;
আদিগন্ত খোলা মাঠে এ কেমন রুদ্ধ নীরবতা!
অবরুদ্ধ মানচিত্রে গৌরবের চিহ্নগুলো আজ
পরশ্রীকাতর ওই হিংস্র নষ্ট ভ্রষ্ট দুরাচারী
দেশদ্রোহী হালাকু উন্মাদ নাকি প্রমত্ত আক্রোশে
রিসেট বাটন টিপে মুছে দেবে চোখের পলকে।

বিনিদ্র রাত্রির খাটে শুয়ে শুয়ে এক অন্ধ কবি
মৌনতায় একটি গানের কলি বুকে তুলে নিয়ে
স্বপ্নের ভেতর হাওয়াকে জলের সঙ্গে গেঁথে দেয়–
অবিরাম উচ্চারণ করে সতত ভাস্বর এক
অবিনাশী অনির্বাণ নাম : মুজিবর, মুজিবর–
এ আমার বাড়ি-ঘর, এ আমার আলোর সমাধি ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending