খাতুনে জান্নাত

শেখ মুজিবুর রহমান উচ্চারণ করলো—
একটি জাতির অবদমিত শ্বাস,
মাটিতে চাপা পড়ে থাকা রক্তের ইতিহাস
হঠাৎই জেগে উঠল অগ্নিস্রোতে।
তুমি বললে স্বাধীনতা—
শব্দটি আর শব্দ রইল না,
হয়ে উঠল মানুষের বুকে
অদম্য ঢেউ, অগ্নির মতো প্রবল।
মাঠে মাঠে, গ্রামে শহরে
তোমার কণ্ঠ প্রতিধ্বনি—
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”
শুধু আহ্বান নয়,
এ এক অনিবার্য জন্মবাণী।
চোখে মানচিত্র—
যেখানে রক্ত মানেই লজ্জা নয়,
বরং অধিকার;
যেখানে মৃত্যু মানেই শেষ নয়,
বরং একটি পতাকার উড়ান।
বাংলার প্রতিটি ধানক্ষেতে
আজও সেই কণ্ঠ বাজে—
তুমি নেই, তবু আছো
স্বাধীনতার প্রতিটি শ্বাসে।

কবিতা ২: রক্তে লেখা দেশ
খাতুনে জান্নাত

এই দেশ কোনো কাগজে আঁকা হয়নি,
এই দেশ জন্ম নিয়েছে
মায়ের কান্না, সন্তানের লাশ, লাখো শহীদের রক্তে
ইতিহাসের নির্মম ক্ষত জ্বলছে
যখন রাত ছিল দীর্ঘ,
আর মানুষ ছিল ভীত,
তখন একজন দাঁড়ালেন—
অন্ধকারের বিপরীতে একা, তবু অদম্য।
শেখ মুজিবুর রহমান
তাঁর কণ্ঠে আগুন ছিল,
তাঁর ভাষায় বিদ্রোহের শুদ্ধতা–
যা মানুষকে শিখিয়েছে
ভয়কে অস্বীকার করতে।
স্বাধীনতা কোনো উপহার নয়—
এ ছিল ছিনিয়ে আনা অধিকার,
যেখানে প্রতিটি বিজয়ের পেছনে
একটি করে নামহীন কবর।
আজ আমরা পতাকা উড়াই—
কিন্তু সেই লাল রঙে
তোমার ডাক, তোমার স্বপ্ন
এখনও জেগে থাকে।
বাংলাদেশ—
শুধু একটি ভূখণ্ড নয়,
এ এক উচ্চারণ—
যেখানে মুজিব মানেই
স্বাধীনতার আরেকটি প্রতিশব্দ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending