অপেক্ষায় অজস্র শিশুর হাত

স্নায়ুতে যন্ত্রণা টের পাই যতই থাকুক
শেকড়ের টান…
শূন্যে মিলেমিশে হবে সব একাকার…
ইতিহাসের পাতা উড়ছে যেমন
তেমনই উড়বে…
হ্যাংলা হাওয়া যেমন বইছে
তেমনই বইবে…
সুশীলরা ফাঁদে পড়ে চিরটা কাল…
তবুও পৃথিবীটা যদি টলে যায় কখনও ,
জেগে আছি আমি… জেগে আছ তুমি…
সময় হলে দমকা বাতাস কড়া
নাড়বে জেনো… ।
সিংহের কেশর ছিঁড়ে আনবোই আমরা…
তরঙ্গ যদি নিজের ডাক নিজে শোনে ,
থাবার আঁচড় আর নৃমুন্ডকেশরে
লাগবেই সংঘাত…
মরে যাওয়ার আগে তাই লিখে যাই
হেঁটে যাও দু’পায়ে ধুলোর পৃথিবী…
সময় এসেছে যে বদলাবার… ।
ঢুকে যাও রাক্ষসের বাড়ির ভেতর
ফিনকি দিয়ে ছুটুক রক্ত….
রাক্ষসের প্রাণভোমরা নিকাশ
করো এ বার…
পড়ে থাক রাক্ষসের ল্যাঙট আর
বীভৎস খুলি…
শ্মশান বাতাস হু হু করে কাঁদছে কাঁদুক…
আমাদের অপেক্ষায় যে আজ অজস্র
শিশুর হাত… ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending