সীলমোহর
আতাউর রহমান মিলাদ
রাসেল স্কোয়ারের ষ্টারবাকস’র কফির ধোঁয়া
উড়তে উড়তে মিশে যায়
রমিজের টং দোকানের ফিকে চায়ের কাপে
চামচের টুংটাং ছড়িয়ে পড়ে জন্মগ্রামে
পা ভাঙ্গা বেঞ্চের প্রাণখোলা আড্ডায়
খুচরো গল্পের আনন্দ ভ্রমণে…
মফস্বলি দোকানের লো ভোল্টেজের হালকা আলো
দুর যাপনের নিঃসঙ্গতা পেরিয়ে
আলোকিত হয় ষ্টারবাকস’র রঙিন দোকান
দুরত্ব মেপে রাত গাঢ় হয় কফির কাপে
উপুড় হয়ে খুঁজি কর্তিত স্মৃতির আবেগী উত্তাপ
দীর্ঘ ছায়ার পাশে গহিন অসুখ…
ভাসতে ভাসতে জীবন-হাওয়ার মিঠাই
এইভাবে ঠিক-
রমিজের চা স্টলের প্রাত্যাহিক দৈন্যতা
ষ্টারবাকস এ পায় জৌলুস অবয়ব






এখানে আপনার মন্তব্য রেখে যান