সত্য বলার দিন

আবু মকসুদ

এই দিনটা ফুলের না,
এই দিনটা দেয়ালের
যেখানে গুলি লেগেছিল,
আর ভাষা ঝরে পড়েছিল রক্ত হয়ে।

মা বলেছিল,
চুপ থাকলে বাঁচবি।
ছেলেটা জানত,
চুপ থাকলেই মরতে হয়।

রাজপথে তখন কোনো মাইক ছিল না,
কোনো ক্যামেরা না
ছিল শুধু বুকের ভেতর জমে থাকা
একটা শব্দ,
যেটা মুখ খুললেই গুলি খায়।

ওরা দৌড়ায়নি পতাকার দিকে,
ওরা দৌড়েছিল নিজের নামের দিকে
যে নামটা কেড়ে নিতে চেয়েছিল
রাষ্ট্র, আইন, আর ভয়।

রক্ত তখন লাল ছিল না,
রক্ত ছিল বর্ণমালার মতো
ক, খ, গ…
একেকটা অক্ষর মাটিতে পড়ে
ভাষা হয়ে উঠছিল।

কেউ শহিদ হতে চায়নি।
ওরা শুধু মানুষ থাকতে চেয়েছিল
নিজের ভাষায়।

আজ আমরা ফুল দিই,
আর ভুলে যাই
ভাষা কোনো স্মৃতি না,
ভাষা একটা দায়িত্ব।

যেদিন অন্যায়ের সামনে
আমরা নিজের ভাষা গিলে ফেলি,
সেদিন আবার
একুশে ফেব্রুয়ারি মরে।

শহিদ দিবস তাই বছরে একদিন না
যেদিন সত্য কথা বলতে
গলা কাঁপে,
আর তবু বলা হয়,
সেদিনই শহিদ দিবস।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending