অনাদৃত একুশে ফেব্রুয়ারি
জাকিয়া রহমান
এ বসন্তে আবার এসেছে একুশে ফেব্রুয়ারি-
আমি তো ভুলি নাই ভুলিতে কি পারি?
সেই রক্তে ভেজা রাজপথ আজ তৃষ্ণার্ত অনাদৃত
খুঁজে ফেরে, কোথায় মিছিল?
কেউ কি গাইবেনা স্তুতি শহীদদের
কিংবা গান বসন্ত বরণের?
কোথাও নেই বসন্ত উৎসবের ফুলমালা পসরা,
বসন্ত বরণের ব্যগ্রতা নিয়ে আসেনি তরুণ তরুণীরা।
কেন প্রত্যাশা আজ বিফলে যায়?
ম্রিয়মাণ কেন বাংলার বুকে ভাষা গৌরবের ইতিহাস
আর প্রয়াস কেন বাংলার ঐতিহ্য কেড়ে নেবার?
এ কেমন কারসাজি?
মূর্ছিত যত পলাশ শিমুল,
আর ইতিহাস বাক্সবন্দি কৃষ্ণ অন্ধকারে।
এ কেমন ছন্দপতন,
কোথাও নেই ভাষা-ছন্দ গৌরবের জলসা?
সে প্রত্যাশা কি হবে বিলীন চিরতরে?
আজ ভাষার অধরে কালশিটে বেদনা আর ভাবনার চোখে জল,
বসন্ত ফুলের হৃদয়ে জেগে উঠে শোকের হিমাদ্রি।






এখানে আপনার মন্তব্য রেখে যান