এই ফেব্রুয়ারিতে
সাদিয়া নাজিব
ফেব্রুয়ারি জানে,
লাল পলাশের গর্জন
তীব্রতর হুইসেল, টিয়ারগ্যাস
রক্তাক্ত পিচঢালা পথ, বিক্ষিপ্ত স্যান্ডেল
আর ঘর্মাক্ত মিছিল
মুখর চায়ের দোকানে থমকে যাওয়া উল্লাস
গলার মধ্যভাগে আটকে পড়া খিলিপান
পাঁচিলের কাঁটাতারে ছিঁড়ে যাওয়া শাড়ির আঁচল!
ফেব্রুয়ারি জানে,
১৪৪ ধারাকে লাল চোখ দেখানো বুকের পাটা।
মৃত্যুকে উপেক্ষাকারী সহস্র কন্ঠের দ্যোতনা
একুশের রাজপথ।
হে আগামী, তোমরা জেনো
নকল আভিজাত্য ফেব্রুয়ারির নয়।
এই বিস্তীর্ণ পাললিক গর্ভ ফুঁড়ে জন্ম নিয়েছে
অ আ ক খ
তাই
এই বর্ণমালাকে দুখিনী বোলো না
বাংলা মায়ের চিরায়ত মমতা লেপ্টে আছে যে অক্ষরে
সে কখনো ই দুখিনী হতে পারে না!
এসো ভাইবোন বন্ধু স্বজন
এসো দ্বিধাহীনচিত্ত
এসো সাহসী যুবক, মায়াবী যুবতী
আবার আমরা হৃদয়ে হৃদয় মিলিয়ে গেয়ে উঠি—
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি। ‘






এখানে আপনার মন্তব্য রেখে যান