লেডিজ অ্যান্ড জেন্টেলমেন, শোনো সম্বোধন
তাপস রায়
প্রসাধন খুলে আছে তার। এমন আলুথালু বেশ, যেন শীত উঠবে এইবার
এমন অপচয় দিনরাত্রিবোধ, যেসব হাওয়া-বাতাস অভ্যাসে চলাফেরা করত
তাদেরই অস্বস্তি প্রবল। চোরা-গোপ্তা হানা যেন টের পেতে দেবে
যেন এই বিজনতা স্থির করা ছিল। এদিক-ওদিক রাস্তাগুলিও, তোমার
চোখে পড়বে অভিমানে চোখেমুখে আঁচল তুলছে বারবার
গণনাকারীরা, যারা ক্লান্ত হয়ে ঘুমোতে গিয়েছে, যারা ধানের দুধের হিসেব
বরাবর জানাত ব্যাপারীদের, তারাও আমার মতোই কুয়াশাবাবুদের
চিহ্নিত করার ব্যাপারে গা-করেনি কোনোদিন। ভোরবেলাগুলো এরকম শুয়ে থাকায়
পাড়ার কুকুরেরা লাফ মেরে ডিঙিয়ে যাচ্ছে, চোখে পড়বে — বেশ একটা কি বলব
অবিক্রিত আলু পটলের মতো বাজারের হেয় দশা নিয়ে আজ এই নগ্নতা এলো
শোনো প্ল্যাটফর্ম, যে ট্রেন তোমাকে ছেড়ে চলে গেছে, ফিরবে না কোনোদিনও
সামান্য অজুহাতে তাকে আর ফেরাতে চেও না। হ্যাঁ জ্ঞান দিচ্ছি, শোনো, তুমি
পথচারীদের পক্ষপাত দাও,এইবার নতুন কিছু গয়নাগাটি ভাবো
দু-একটা অচেনা বৃক্ষের সাথে ভাবসাব করো
মাঝেমধ্যে আমিও তোমাকে দেখে যেতে পারি কোনো বকুলের দিনে






এখানে আপনার মন্তব্য রেখে যান