শামীম আজাদ

বর্ষায় বেড়াভেঙে স্বপ্নরা পালাচ্ছে,
জল ককটেলের শব্দে বেদনাও ভেঙে যাচ্ছে ,
অনির্ধারিত এ উত্তেজনায়
তির তির করে কাঁপছে মৃত্যুমুখী মন।

‘মহা চিন্তায় আছি বন্ধুরে
এখনো যে ডোনার কার্ড এলো না’!

বৃষ্টি বাগানে বর্ষাপথে বালিকা বিহারে ছিলাম-
বাতাসে হাঁসের সাঁতার ছিলো,
কান্তিময়ী ইচ্ছা ছিলো,
সবকিছুতেই সামগ্রিক সমতা আনতে
একটু দূরে সরে
নিরলে নখ কেটে সমান করতে গিয়ে
নার্ভাস হয়ে দিলাম রেশ কেটে!

আর যাই কোথায়?
কাটা গোলাপ থেকে বেশুমার
কবর ঝরতে লাগলো ধুম ধাম …
উড়তে লাগলো ঘুড়ি
বাকাট্টা …. লুট যে পারো … ধরো।

এখন উঠে বসেছি এমন এক অন্ধ ট্রেনে
যার শব্দের চুল উড়ে উড়ে
ভৈরবের ব্রীজ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে।

আত্মহত্যা চাখার এমন উপযুক্ত সময় আর হবে না……

তারপর বর্ষাপথে কাঁটা তারের বেড়ায় মনোবাঞ্ছাগুলো টানানো হবে
তাতে সত্যি কেউ আর
বৃষ্টি দেখে এ্যাত্তগুলা ব্যকুলতা দেখাবে না।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending