দ্রোহের পুরাণ
ঝড়ের বাতাস আনলো ঘরে
জানলা দুয়ার খোলা
মেঘের পুরাণ বৈশাখ বাণী
ঢালছে হরবোলা।
সাগর পুরাণ স্মৃতির নদী
উড়িয়ে নিল চালা
অনেক জন্ম গ্রন্থ পুরাণ
হয়েছে উতলা।
আরণ্যকের নীরব ভাষা
সোমপুরিতে মগ্ন-
ইতিহাসের সূর্য তারা
চেতন-তটে লগ্ন।
অনার্যরা রক্তে আমার
নাচে অবিরত-
চরবিনাশী নদী আবার
দাঁড়ায় নিয়ে ক্ষত।
ঝড়ের মেঘে চিত্ত ভরে
নৃত্য করে কাল-
দ্রোহের পুরাণ সত্তা জুড়ে
কাল হল উত্তাল।






এখানে আপনার মন্তব্য রেখে যান