বোধ

তোমরা এভাবে কথাগুলো বলছ যেন
সততার সঙ্গেই মোচন করে দিচ্ছো সমস্ত দাগ।
আসলে তো পাপের চাপকলে ঘাম ধু’য়ে
ঘুড়ি হয়ে যাচ্ছো,
আমাদের হাতে এখন রয়ে যাবে শুধু কাচকাটা আঁক।

এদিকে যে আমি সহ
অন্তত আরো নিরানব্বুই জন
সচল সাধারণ অপদার্থ মানুষ
অন্যায়ভাবে ভুগছি তা ভাবছো না।
তাজ্জব ব্যাপার!

শোনো, সেই শুরুর কালে
মানুষ যখন রক্তরূপ মদ
ও মাংসরূপ রুটিখন্ড হাতে
প্রাচীণ ধংসস্তুপ দ্বারে
ক্রন্দনরূপ প্রার্থনা করে
অর্গানিক আপেল আহার করেছিল,
তখনই কিন্তু সে ফলেরই ভেতর
শিকার হয়েছে নিরাপরাধ কীট,
মুখ খোলার আগেই মৌ-লোভীর দ্বারা
ধর্ষিত হয়েছে ফুল।

আত্মপ্রেমে আটকে থাকা মানুষ
দম বন্ধ না হওয়া অবধি তা দেখতে পায় না
দৌড়ে থাকার কালে ঘাড় ফেরাতে পারে না
জুতোর নিচে পিষে ফেলে নিরিহ নাগরিক,
আত্মসাত করে সকলের সঞ্চিত সঞ্চয়।

এসব হয়তো আগেও হয়েছে
কিংবা নাও হতে পারে
আমি শুধু ম্লানমুখে
নিজের কথা বলতে পারি
সমস্ত কথা কে জেনেছে কখন!

আমি নিত্য আগ্রাসণে,
নাড়ির কম্পনে বুঝেছি
বিচ্ছিন্ন গান বলে কোন কথা নেই।
একাকী স্বপ্ন দেখে কে সফল হয়েছে কখন!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading