জীর্ণ যাপন
আমারও তো কিছু লাগে সংক্রান্তি তৈজস
বৈশাখের নতুন পিরান
তুমি তো উঠোন জুড়ে রোদ পেলে,
ধানের শীষে দুলে ওঠো তুমি
গরুর ঘণ্টায় সন্ধ্যা নামে ঘরে।
তোমার আছে পুকুরঘাট,
শালিক এসে বসে, ডাকে-
আজ না হোক কাল
তোমার মেয়ের চুলে জড়িয়ে যাবে শস্যফুলরেণু।
তোমার ছেলে নদী চেনে,
মাঠ চেনে, হাটের ভিড়ে
হারিয়ে গিয়ে আবার ফিরে আসে-
তোমার দরজার কড়ায় হাত রেখে।
আমারও কিছু লাগে-
আহার চিড়া মুড়ি খই সামান্য
গুড় লেবুপাতা নুন।
কী লাগে জিজ্ঞেসে না কেউ,
ভাত না রুটি, না কি শুধু
একটু ভিটে মাটি।
আমি পড়ে থাকি ফাঁকা জমিতে,
বিজন হাওয়া বয়ে যায় বুকের ওপর দিয়ে,
কেউতো বলেনি আমায়-
এই যে মাটি- সাথে আমাকেও নাও।
পুরনো নদীর নাম মুছে গেছে,
জলের ভিতর
এক ডাকে সাড়া দিই
আমাকে না হয় একটা স্রোত দাও।
আমারও কিছু যে লাগে-
ওবেলার সংক্রান্তি শেষে না হয় বলো
ধুয়ে যাক –
আশা আকাঙ্ক্ষার জাল জীর্ণ যাপন।






এখানে আপনার মন্তব্য রেখে যান