নববর্ষের দরজায়
পুরোনো বছরের গায়ে এখনও লেগে আছে
কিছু না বলা কথা, কিছু থেমে যাওয়া স্পর্শ,
কিছু অসমাপ্ত বিকেল!
যেখানে তুমি আর আমি
শেষবারের মতো তাকিয়েছিলাম আকাশের দিকে।
তারপরও দরজায় কড়া নাড়ে নতুন বছর,
একটু লাজুক, একটু উজ্জ্বল,
হাতে তার কাঁচা রোদ,
আর মুঠোভর্তি অজানা সম্ভাবনা।
সে বলে,
সব হিসাব মেলাতে হবে না,
সব প্রশ্নের উত্তরও দরকার নেই,
কিছু না পাওয়াকেও
নরম করে বুকে নিতে শেখো।
আমি চুপ করে থাকি,
কারণ জানি,
এই নতুন বছরও
হয়তো কিছু কষ্ট দেবে, কিছু স্বপ্নও।
তবু
একটা শিউলি-গন্ধ ভোরের মতো
নরম করে মনে হয়,
আবার শুরু করা যায়।
আবার কাউকে বলা যায়,
থাকো, এইবার আর চলে যেও না।
আবার নিজের হাতটাই
নিজে শক্ত করে ধরা যায়।
নববর্ষ মানে
শুধু নতুন দিন নয়,
নিজের ভাঙা ভেতরটাকে
আলতো করে জোড়া লাগানোর চেষ্টা।
তাই এ বছর—
আমি প্রতিশ্রুতি দিচ্ছি না কিছু,
শুধু একটু করে বাঁচবো,
আর যতটুকু পারি,
ভালোবাসবো।






এখানে আপনার মন্তব্য রেখে যান