দুঃখ
একদিন আমার সমস্ত দুঃখগুলিকে
পুটুলি বেঁধে রেখে এসেছিলাম এক মৃত বৃক্ষকোঠরে
কিছুদিন পরে গিয়ে দেখি বৃক্ষ ভরেছে সবুজ পাতায়
দুঃখ পেলে বৃক্ষ বাঁচতে জানে
দুঃখ এক অনুভবের ঘরের লুকানো সোনা
দুঃখ বাঁচে ও বাঁচায়
দুঃখেও ফোটে ফুল, যেমন রক্ত গোলাপ।
দুঃখকে মূল্যবান ভেবে দুঃখের পুটলিটি
এনে ছড়িয়ে দিলাম সদর দরজায়
পুবের বারান্দায়, বৈঠকখানায়, শোবার ঘরে,
সেই থেকে দুঃখ সরে গেছে দূরে
এই দেখো! সারা গায়ে আজ দুঃখের মোম
দুঃখ শরীরে দুঃখের মোম জড়িয়ে নিলে
আর নতুন কোন দুঃখ দাগ ধরে না।।






এখানে আপনার মন্তব্য রেখে যান