অ্যালগরিদম বহির্ভূত
বৃক্ষের জরায়ু ফেটে যে বেরিয়ে এলো
তাকে তুমি অপিচ বলছো
হোক সে ধুতরার ,তবুওতো ফুল
বৃক্ষ জানে পরাগায়নের যন্ত্রণা…
মাটির গভীরে আপলোড করা এক পুরোনো স্মৃতি
জন্ম বীজ।বৃক্ষ শুধু বৃক্ষ নয়,
তার শিকড়ে জড়িয়ে আছে ডেটা-কেবল,
রস উঠছে না, উঠছে সংকেত ,পরাগায়ন এখন নোটিফিকেশন,ব্যথা মানে এক অনন্ত লোডিং স্ক্রিন।
ধুতরার সাদা বিষ পিক্সেল হয়ে ভেসে ওঠে,
তবুও সে ফুল ,
কারণ নামের আগেই আসে বিস্ফোরণ,
তুমি যে অপিচ বলো,আমি ডাকি অন্য নামে
অসম্পূর্ণ, অননুমোদিত, অ্যালগরিদম বহির্ভূত,
তবুও সে ফুটে ওঠে সিস্টেমের ভুল হিসেবের ভেতর
ধুতরার ফুলকেও তাই আমি ফুলই বলি …






এখানে আপনার মন্তব্য রেখে যান