অপারগ

যে প্রেম চেয়েছ অঞ্জলি পেতে
জীবনের অলিগলি
শোন প্রিয়তম সে গোপন কথা,
রহস্য আজ বলি….

অপারগ সে-ও দ্বিধায় জড়ানো
লুকানো উপন্যাস
শেকলে বেঁধে সে আছে যুগে যুগে
আজন্ম কারাবাস

পাবে না সে প্রেম , যত তুমি খোঁজো
আছাড়ি পিছাড়ি কাদোঁ
চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট রেখে
যত কষে তাকে বাঁধো…

যে প্রেম খুঁজেছ অখিল ভুবনে
পরশপাথর মণি…
রাতজাগানিয়া নদী দিয়ে যাকে
করেছ হীরের খনি

যত্নে সেধেছ আগলে রেখেছ
পরের বাগানে ফুল
পর পর-ই থাকে, হয় না নিজের
হয়ে যায় তাই ভুল

পাবে না তো তাকে বুকের নাগালে
এ জীবন কেটে যাবে
মধ্যযামের স্বপ্নেরা মৃত
রূপকথা হাতড়াবে….

স্বপ্নে দেখেছ আংটি , সিঁদুর
বিবাহ, বাসর রাত
মিটবে না শখ জেনো তুমি প্রিয়
পূরণ হবে না সাধ…

সেই প্রেমও চায় দেখতে তোমাকে
পেতে চায় বাহুডোরে
মুড়ে দিতে চায় নিবিড় আদরে
নিশীথে ঘুমের ঘোরে

সেই প্রেমও চায় অধরে অধর
সন্ধ্যার ঘন শীতে
মনে মন রেখে শরীরে শরীর
মাধুরী মিশিয়ে দিতে

এক জনমের এ খেলা সাঙ্গ
আর তো হলো না পাওয়া
কুহেলিকা পিছে ছুটে মরা মিছে
মরণের তরী বাওয়া

যে প্রেম খুঁজেছ তৃষিতের মত
জীবনের পেয়ালাতে
শীত-সায়াহ্নে একাকী সে কাঁপে
গুমরে গুমরে কাঁদে!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending